চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার পেল ২ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে মারা যাওয়া হোটেলের ৬ শ্রমিকের স্বজনদের হাতে শ্রমিক কল্যাণ তহবিল থেকে দুই লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নির্দেশে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) স্বজনদের হাতে এ চেক তুলে দেয়।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলার উপমহাপরিদর্শক মো. সালাহ উদ্দিনসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল পৌনে ৫টার দিকে আগুন লাগা ভবন থকে ছয়জনের মরদেহ উদ্ধার করে দমকল কর্মীরা।
বিনিয়োগবার্তা/এসএল//



