মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের আট কোচ-চার ইঞ্জিন
বাগেরহাট প্রতিনিধি: মেট্রোরেলের আটটি কোচ, চারটি ইঞ্জিন ও ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য মোংলা বন্দরে এসেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এসব মালামাল নিয়ে বিদেশি জাহাজ এমভি হোসি ক্রাউন বন্দরের ৭ নম্বর জেটিতে পৌঁছায়।
বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর নাগাদ জাহাজ থেকে কোচ, ইঞ্জিন ও মেশিনারি মালামাল নামানোর কাজ শুরু হবে।
এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে (নৌযান) রাজধানীর উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেল ডিপোতে নেয়া হবে। পণ্য খালাস শেষে জাহাজটি মঙ্গলবার বন্দর ত্যাগ করবে।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪ টি ইঞ্জিন এসেছে।
এদিকে গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের এসব মালামাল নিয়ে যাত্রা শুরু করে এমভি হোসি ক্রাউন।
বিনিয়োগবার্তা/এসএল//



