Bangladesh Bank

নির্দিষ্ট করা হলো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার যোগ্যতা

নিজস্ব প্রতিবেদক: আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা নির্দিষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

এতে জানানো হয়েছে, কোনো ব্যক্তি ঋণ খেলাপি এবং ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবে না। একই সঙ্গে তার নূন্যতম ১০ বছরের ব্যবস্থাপনা ও পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়।

যোগ্যতা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিধানানুযায়ী ন্যূনতম শেয়ার ধারণ করতে হবে।
নূন্যতম ১০ বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক ও পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে তিনি ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ঋণ খেলাপি হতে পারবে না।

অযোগ্যতা
মনোনীত ব্যক্তি বা মনোনয়ন প্রদানকারী প্রতিষ্ঠানের ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়া, কিংবা সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে দেওয়ানি ও ফৌজদারি আদালতের রায়ে কোনো বিরূপ পর্যবেক্ষণ বা মন্তব্য থাকলে, মনোনীত ব্যক্তি বা মনোনয়ন প্রদানকারী প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা সরকারের কোনো সংস্থার তদন্ত প্রতিবেদনে জাল-জালিয়াতি, আর্থিক অপরাধ বা অন্য অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে পর্যবেক্ষণ থাকলে এবং মনোনীত ব্যক্তি বা মনোনয়ন প্রদানকারী প্রতিষ্ঠান যদি আর্থিক খাত সংশ্লিষ্ট কোনো নিয়ন্ত্রক সংস্থার বিধিমালা, প্রবিধান বা নিয়মাচার লঙ্ঘনজনিত দণ্ডে দণ্ডিত হলে।

নির্দেশনায় আরও বলা হয়, কোনো ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকা অবস্থায় তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কোম্পানি যার কোনো পৃথক সত্তা নেই, তার পক্ষে আর কোনো পরিচালক উক্ত আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে নিযুক্ত হতে পারবেন না। আর্থিক প্রতিষ্ঠানে বহিঃহিসাব নিরীক্ষক, আইন উপদেষ্টা, উপদেষ্টা, পরামর্শক, বেতনভুক কর্মচারী বা অন্য কোনো পদের দায়িত্বে নিয়োজিত রয়েছেন কিংবা বিগত পাঁচ বছরের মধ্যে নিয়োজিত ছিলেন এরূপ ব্যক্তি সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে নিযুক্ত হতে পারবেন না।

এছাড়া আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক পদের মেয়াদ হবে অনধিক তিন বছর এবং কোনো পরিচালক একাদিক্রমে তিন মেয়াদের অধিক উক্ত পদে থাকতে পারবেন না। তবে একাদিক্রমে তিন মেয়াদে পরিচালক পদে অধিষ্ঠিত থাকার মেয়াদ শেষ হওয়ার তারিখ হতে পরবর্তী তিন বছর অতিবাহিত হওয়ার পর তিনি পরিচালক পদে পুনঃনির্বাচিত হওয়ার যোগ্য হবেন।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, পিপলস্ লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ হাইকোর্ট কর্তৃক পুনর্গঠিত হওয়ায় উপরোক্ত বিধান তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)