দেশে ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে: টেলিযোগাযোগমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বর্তমান সরকারের গত ১৩ বছরে দেশে ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। আর সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেখা করতে এলে এসব কথা বলেন তিনি।
সাক্ষাতে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট টেলিযোগাযোগ খাতের অগ্রগতি সংক্রান্ত বিষয়ে আলাপ করেন। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগের জন্য দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে টেলিযোগাযোগ সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করেন।
মন্ত্রী বলেন, আইটিইউ টেলিযোগাযোগ খাতের একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে আইটিইউর সদস্যপদ অর্জন এবং ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় উপগ্রহ ভূকেন্দ্র স্থাপনের মাধ্যমে কৃষিভিত্তিক এ দেশেটি ডিজিটাল বিপ্লবের বীজ বপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রোপণ করা সেই বীজকে তার ১৮ বছরের শাসনকালে মহীরূহে রূপান্তর করেছেন।
রাষ্ট্রদূত দেশের টেলিযোগাযোগ খাতসহ বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষা প্রবর্তনে মোস্তাফা জব্বারের ভূমিকার প্রশংসা করেন।
বিনিয়োগবার্তা/এসএল//



