বাংলাদেশ ব্যাংক ১

নিবাসী ব্যক্তির ধারণকৃত বৈদেশিক মুদ্রা নগদায়ন নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: নিবাসী ব্যক্তির ধারণকৃত বৈদেশিক মুদ্রা নগদায়ন বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার কেন্দ্রিয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিবাসী বাংলাদেশি ব্যক্তি বিদেশ থেকে সঙ্গে আনা অনধিক দশ হাজার মার্কিন ডলার বা সমমূল্যমানের বৈদেশিক মুদ্রা নিজের কাছে বা অনুমোদিত ডিলার ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখতে পারেন, পরবর্তী বিদেশ যাত্রায় উক্ত বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়েও যেতে পারেন। দশ হাজার মার্কিন ডলারের অতিরিক্ত পরিমাণ আনীত বৈদেশিক মুদ্রা দেশে আসার এক মাসের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকে/লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি বা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখা নিবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য বাধ্যতামূলক। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপরোক্ত প্রাধিকার বহির্ভূত বৈদেশিক মুদ্রা ধারণ করা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭ এর আওতায় দন্ডনীয় অপরাধ। প্রাধিকারভুক্ত নয় এমন বৈদেশিক মুদ্রা নিবাসী বাংলাদেশির নিকট থাকলে তা আগামী সেপ্টেম্বর ৩০, ২০২২ এর মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকে/লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নির্দিষ্ট সময়ের পর অননুমোদিত বৈদেশিক মুদ্রা নিবাসী ব্যক্তির নিকট পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে কেন্দ্রিয় ব্যাংক।   

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)