0f

পোশাক খাতের উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক: পোশাক খাতের উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

বুধবার ঢাকার একটি হোটেলে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক ডেপুটি ডিরেক্টর জেনারেল বিরগিটা তাজেলার সঙ্গে সাক্ষাতে সংগঠনের সভাপতি ফারুক হাসান এ সহযোগিতা চেয়েছেন।

সাক্ষাতে তারা তৈরি পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে শিল্প কীভাবে কভিড-১৯ মহামারী সৃষ্ট নজিরবিহীন প্রভাব মোকাবিলা করেছে, তা নিয়ে আলোচনা করেন। ফারুক হাসান বলেন, পোশাকশিল্পে কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রমিকদের অধিকার ও কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি অর্জন হয়েছে। পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা প্রভৃতি বিষয়ে ব্যাপক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি শ্রম আইন সংশোধন করে সেফটি ও পার্টিসিপেশন কমিটি গঠন বাধ্যতামূলক করার মাধ্যমে পোশাককর্মীদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ সুদৃঢ় হয়েছে।

ফারুক হাসান বলেন, পোশাকশিল্প আগামী দিনগুলোতে তার প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে ম্যান-মেইড ফাইবারভিত্তিক হাই-এন্ড পণ্য, প্রযুক্তি আপগ্রেডেশন এবং দক্ষতা উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ফারুক হাসান বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে ট্রানজিশন পিরিয়ড বাড়ানোর বিষয়ে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার ইউরোপীয় ইউনিয়নকে যে রোডম্যাপ দিয়েছে, তা বাস্তবায়নে বিজিএমইএ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//


Comment As:

Comment (0)