Destiny2000

ডেসটিনি পরিচালনায় বোর্ড গঠন করে দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: ডেসটিনি ২০০০ লিমিটেড পরিচালনার জন্য বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে সাবেক জেলা জজ হাসান শাহেদ ফেরদৌস, ব্যারিস্টার মাগরুব কবীর ও এফসিএ ফখরুদ্দিন আহমদকে সদস্য করে পরিচালনা বোর্ড গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন। আদালতে প্রতিষ্ঠানটির পরিচালকদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এম মাইনুল ইসলাম।

এর আগে ২০১২ সালের ৩১ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম রাজধানীর কলাবাগান থানায় ডেসিটিনির কর্তাব্যক্তিসহ অন্যদের বিরুদ্ধে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতের দুটি মামলা করেন।

তদন্ত শেষে ২০১৪ সালের ৫ মে দুদক আদালতে উভয় মামলার অভিযোগপত্র দেয়া হয়। এর মধ্যে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জন এবং ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেডে দুর্নীতির মামলার ১৯ জনকে আসামি করা হয়।

গত ১২ মে বিচারিক আদালতের দেয়া রায়ে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনকে ১২ বছর কারাদণ্ড এবং ২০০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের সাজা দেয়া হয়।

রফিকুল আমিনসহ মামলার ৪৬ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং তাদের মোট ২ হাজার ৩০০ কোটি টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আসামি হারুন-অর-রশীদকে দেয়া হয় চার বছরের কারাদণ্ড। সেই সঙ্গে তাকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ছয় মাস কারাদণ্ড দেয়া হয়।

এদিকে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের অনুপস্থিতির কারণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত না হওয়ার বিষয়ে আদালতে আবেদন জানানো হয়। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট কমিটি গঠন করে দিলেন।

আবেদনে বলা হয়, ২০০০ সালের ১৪ ডিসেম্বর রেজিস্ট্রেশন পায় ডেসটিনি-২০০০ লিমিটেড। কোম্পানিটির মোট শেয়ারহোল্ডার রয়েছেন ৪৯ জন। হাইকোর্টে আবেদনকারীরা হলেন ডেসটিনির পরিচালক বিপ্লব বিকাশ শীল, মোহাম্মদ জাকির হোসেন, মো. শাহিনুর হাওলাদার শাহীন, সাইফুল আলম রতন, জিএম গোলাম রাব্বানী, শামনুন এহসান শামীম, মাসুদা ইসমত আরা, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন আহমেদ, জহিরুল ইসলাম, খায়রুন নেসা, সৈয়দ মোহাম্মদ ইকবাল, শাহজাদা আল মাহমুদ, হোসাইন আজাদ, কামরুল হাসান ও মো. জাহাঙ্গীর আলম।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)