PM Vatican Ambassador

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক সংকট বিবেচনায় রেখে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই এখন তার সরকারের অগ্রাধিকার। দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ও আশ্রয় নিশ্চিত করতেও গুরুত্ব দিচ্ছে সরকার।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণভবনে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তাকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান।

শেখ হাসিনা বলেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকায় সফলভাবে মেয়াদ সম্পন্ন করার জন্য ভ্যাটিকান রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কূটনৈতিক কোরের ডিন হিসেবে দায়িত্ব পালনে দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জর্জ কোচেরি।

বিদায়ী রাষ্ট্রদূত জর্জ কোচেরি প্রধানমন্ত্রীকে বলেন, তিনি বাংলাদেশের অনেক এলাকা ঘুরে দেখেছেন এবং দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন দেখে বিস্মিত হয়েছেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)