পোশাক শিল্পের গবেষণায় অর্থায়ন করছে আইএফসি
নিজস্ব প্রতিবেদক: কয়েক দশক ধরে বাংলাদেশের পোশাক শিল্পে অব্যাহত সহযোগিতা প্রদানের জন্য আইএফসিকে ধন্যবাদ জানিয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সদস্য আইএফসি পোশাক শিল্পের সুযোগগুলো অন্বেষণ এবং সেগুলো কাজে লাগানোর উপায়গুলো খুঁজে বের করতে বেশ কয়েকটি গবেষণায় অর্থায়ন করেছে। এছাড়া পার্টনারশিপ ফর ক্লিনার টেক্সটাইল প্রোগ্রামে অংশগ্রহণকারী কারখানাগুলোকে কার্বন ও ওয়াটার ফুটপ্রিন্ট কমাতেও সহায়তা করেছে।
রোববার (১১ সেপ্টেম্বর) পার্টনারশিপ ফর ক্লিনার টেক্সটাইল প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার নিশাত চৌধুরী ঢাকায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এ সময় বিজিএমইএ সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান এবং নিশাত নাহরিন হামিদও উপস্থিত ছিলেন।
তারা পোশাক শিল্পের উন্নয়নে আইএফসি এর আর্থিক সহায়তায় বিজিএমইএ’র বাস্তবায়নকৃত চলমান প্রকল্পগুলোর কার্যক্রম এবং অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এছাড়া পোশাক শিল্পের ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলায় এবং নতুন সুযোগগুলো কাজে লাগাতে শিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য সাসটেইনেবিলিটি এবং সামর্থ বৃদ্ধি প্রভৃতি ক্ষেত্রগুলোতে শিল্পে সহযোগিতা প্রদান অব্যাহত রাখার বিষয়ে আশাবাদও ব্যক্ত করেন তারা।
বিনিয়োগবার্তা/এসএল//



