মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছে ৫৯ কোটি ৫৯ লাখ ডলার
নিজস্ব প্রতিবেদক: চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আট দিনে দেশে ৫৯ কোটি ৫৯ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। দেশে ডলার-সংকট কাটাতে এখন বিদেশ থেকে যেকোনো পরিমাণ আয় পাঠাতে আর নথিপত্র লাগছে না। আবার প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এক প্রতিবেদন থেকেএ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ৫৯ কোটির মধ্যে ৫০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। সম্প্রতি সরকারি ব্যাংকের চেয়ে বেসরকারি ব্যাংকের মাধ্যমে বেশি প্রবাসী আয় আসার প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
এই আট দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৯ কোটি ডলারের মতো।
গত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। তার আগে জুলাই মাসে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার।
জুলাই মাসে পবিত্র ঈদুল আজহার কারণে দেশে বিপুল পরিমাণ প্রবাসী আয় এসেছিল। আগস্ট মাসে দেশে বড় উৎসব ছিল না, তা সত্ত্বেও সেই সময় প্রবাসী আয়ের প্রবাহ ২০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।
বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//



