আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম পুনঃনির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: আন্তব্যাংক লেনদেনে ডলারের দাম পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আন্তব্যাংক লেনদেনে ডলারের বিক্রয়মূল্য ছিল ১০৬ টাকা ১৫ পয়সা। আর আন্তব্যাংক লেনদেনে ডলারের ক্রয়মূল্য ধরা হয়েছে ১০১ টাকা ৬৭ পয়সা। তবে এটি কেন্দ্রীয় ব্যাংকের দর নয়, ব্যাংকগুলোর নিজেদের মধ্যে লেনদেন করা ডলারের দাম এটি।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকগুলো যে দামে ডলার কেনাবেচা করবে, সেটিই হবে আন্তঃব্যাংক দাম। সেটাই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক এই দামে বিক্রি করবে না।
গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে ডলারের বিক্রয়মূল্য দেখানো হয়েছিল ৯৫ টাকা। গতকাল সোমবার ডলারের দাম ১ টাকা বাড়িয়ে ৯৬ টাকা করা হয়। কিন্তু আজ ওয়েবসাইটে ডলারের বিক্রয়মূল্য দেখানো হচ্ছে ১০৬ টাকার বেশি। আর ক্রয়মূল্য দেখানো হচ্ছে প্রায় ১০২ টাকা। তবে আজও বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক সাড়ে ৪ কোটি ডলার বিক্রি করেছে ৯৬ টাকা দরে।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে, টাকা ও ডলারের বিনিময়মূল্য ব্যাংকগুলো নির্ধারণ করেছে। জোগান ও চাহিদা এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) দামের ভিত্তিতে ডলারের এই দাম নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক দৈনন্দিন ভিত্তিতে ডলার কেনাবেচার মধ্যে নেই। তবে বাজার বিবেচনায় প্রয়োজন হলে কেনাবেচা করবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ডলারের দাম গতকাল বাড়িয়ে ৯৬ টাকা করা হয়েছে। আজও এই দামে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করেছে। তবে ওয়েবসাইটে কেন ডলারের দাম এত বেশি দেখানো হচ্ছে, তা এখনো জানতে পারিনি।’
এদিকে স্থিতিশীলতা আনার জন্য ডলারের দর বেধে দেওয়ায় বাজার উল্টো অস্থির হয়ে উঠেছে। কেন্দ্রীয় ব্যাংকের নানা সিদ্ধান্তের ফলে বাজারে এতদিন যে স্থিরতা এসেছিল সোমবার তাও উড়ে গেল। ফলে ডলারের বাজারে বিশৃংখলার সৃষ্টি হয়েছে।
সোমবার নতুন দর কার্যকর হওয়ার পর আমদানি পর্যায়ে ডলারের দাম বেড়ে যায়। একই সঙ্গে একেক ব্যাংকে একেক দরে ডলার বিক্রি হয়েছে।
বিনিয়োগবার্তা/কেএইচকে//



