প্রধানমন্ত্রীর সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরের দ্বিতীয় দিনে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী।
এরআগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় লন্ডন স্টানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জানা যায়, সফরের দ্বিতীয় দিন শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানকালীন হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
সফর সূচি থেকে জানা যায়, আগামীকাল শনিবার যুক্তরাজ্যের বিরোধীদলীয় এবং লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর পরদিন বাকিংহাম প্যালেসে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে যুক্তরাজ্যের রাজার এক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়ে সেদিনই যুক্তরাষ্ট্রের উদ্দেশে যুক্তরাজ্য ত্যাগ করবেন।
বিনিয়োগবার্তা/জিএইচকে/এসএএম//



