আগামী সপ্তাহে টানা ৬ দিন বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। ফলে আগামী সপ্তাহেও টানা ৬ দিন বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে বলে জানিয়েছে বিশ্বের প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।
এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, 'গত ৯ সেপ্টেম্বর সৃষ্ট লঘুচাপটির প্রভাব এখন আর বাংলাদেশের ওপর তেমন নেই। তবে, লঘুচাপটি এখনো সুস্পষ্টভাবে সক্রিয় ও বিপরীত দিকে প্রবাহমান। এ লঘুচাপটির একটি বর্ধিত অংশ আবার ঘনীভূত হয়ে আগামী ১৯ থেকে ২০ সেপ্টেম্বরে ভারতের স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও দেশের মধ্যাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।
কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, জানতে চাইলে এ আবহাওয়াবিদ বলেন, 'এত আগে থেকেই সেটা বলা যাচ্ছে না। এত আগে বললে সেটা সঠিক নাও হতে পারে। আমরা সাধারণত ২৪ ঘণ্টায় ২ বার আবহাওয়ার পূর্বাভাস দেই।'
শুক্রবার দুপুরে মোস্তফা কামাল পলাশ বলেন, 'সম্ভব্য এ নিম্নচাপটিও উত্তর-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী কোনো স্থানের উপকূল দিয়ে ভারতের স্থলভাগে প্রবেশের সম্ভাবনা নির্দেশ করছে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল।'
'ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সম্ভব্য এ নিম্নচাপটি ১৯ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে পশ্চিমদিকে অগ্রসর হয়ে ২১ সেপ্টেম্বর ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থানের উপকূল দিয়ে ভারতের স্থলভাগে প্রবেশ করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে', বলেন তিনি।
মোস্তফা কামাল পলাশ আরও বলেন, পক্ষান্তরে আমেরিকান মডেল অনুযায়ী, নিম্নচাপটি ২০ সেপ্টেম্বর ভারতের আন্দামান ও নিকবার দ্বীপের পশ্চিমে মিয়ানমার সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে।
বিনিয়োগবার্তা/কেএইচকে//



