রাশিয়ার তেল বাংলাদেশে পরিশোধন সম্ভব নয়

রাশিয়ার তেল বাংলাদেশে পরিশোধন সম্ভব নয়: ইআরএল

নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি সংকটে মোকাবিলায় রাশিয়া থেকে তেল আনার কথা ভেবেছিল সরকার। তবে সেটা আর সম্ভব হচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) দেশের বর্তমান কাঠামোতে পরিশোধন করা সম্ভব নয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) প্রতিবেদন জমা দিয়েছে ইআরএল।বিপিসির চেয়ারম্যানের পক্ষে প্রতিবেদনটি গ্রহণ করেন মহাব্যবস্থাপক (বাণিজ্য) কুদরত-ই-ইলাহী।

রাশিয়ার ক্রুড অয়েলের নমুনা পরীক্ষা শেষে এ কথা জানায় দেশের একমাত্র রিফাইনারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) টেকনিক্যাল কমিটি।

২০ পাতার প্রতিবেদনের মতামত অংশে ইআরএল’র জানায়, ইস্টার্ন রিফাইনারির বর্তমান কাঠামোতে রাশিয়ার ক্রুড অয়েল পরিশোধন করা সম্ভব না।

বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ বলেন, ইআরএল থেকে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তারা প্রতিবেদনের মতামত অংশে উল্লেখ করেছেন, ইআরএল’র বর্তমান মেশিনারিজ দিয়ে রাশিয়ার ক্রুড অয়েল পরিশোধন করা সম্ভব না। তারা আরও কিছু মতামত দিয়েছেন, যা খুবই টেকনিক্যাল বিষয়। প্রতিবেদনের আরও বেশকিছু খুঁটিনাটি বিষয় পর্যালোচনা শেষে আগামী দু-একদিনের মধ্যে অফিসিয়ালি রাশিয়ার ওই প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

বিপিসির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে সাংবাদিকদের জানান, ৫০ বছরের পুরনো ইস্টার্ন রিফাইনারিতে মূলত মারবান এবং অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল পরিশোধন করা হয়। এই প্রতিষ্ঠানের ইয়েল্ড প্যাটার্ন এভাবেই তৈরি। এই প্যাটার্নে অন্য কোনো ক্রুড অয়েল পরিশোধন করা সম্ভব না।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//


Comment As:

Comment (0)