পোশাক শিল্পে তরুনদের কাজের সুযোগ দিতে সহযোগিতা করবে বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক: পোশাক শিল্পে তরুন কর্মীদের জন্য শোভন কাজের সুযোগ তৈরি করে দিতে সেন্টার ফর চাইল্ড রাইটস অ্যান্ড বিজনেস (দি সেন্টার) এর একটি নতুন উদ্যোগে সহযোগিতা প্রদান করবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বুধবার (২১ সেপ্টেম্বর ২০২২) ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে দি সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইনেস কেম্পফার পোশাকখাতে যুব উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে বিজিএমইএ সদস্যদের সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা করতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উক্ত সহযোগিতার ঘোষণা দেন বিজিএমইএ সভাপতি।
বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথ্য জানানো হয়।
এতে বলা হয়, যুব উন্নয়ন কর্মসূচিটি মূলত দেশের বেকার বা সুবিধাবঞ্চিত যুবকদের জন্য উপযুক্ত কাজের সুযোগ করে দেওয়া এবং তাদের মধ্যে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে যে ধরনের দক্ষতাসম্পন্ন কর্মীদের চাহিদা আছে, সেই দক্ষতা বিকাশে সহায়তা করার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশী পোশাক কারখানাগুলো ইতিমধ্যেই মানবসম্পদ উন্নয়ন, কমপ্লায়েন্স এবং স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থায় বিনিয়োগ করেছে। এখন কারখানাগুলো যাতে তাদের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী নিয়োগ দিতে পারে, সেজন্য যুব উন্নয়ন কর্মসূচী তরুন কর্মীদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের জন্য কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে। এ কর্মসূচীটি তরুন কর্মীদের জন্য কোন কোন কাজ উপযুক্ত ও কোন কোন কাজ বিপদজনক ও ঝুঁকিপূর্ণ তা চিহ্নিত করনের কাজও করছে।।
এটি কারখানাগুলোকে তরুন কর্মীদের জন্য একটি আন্তর্জাতিক ও স্থানীয় মানসম্পন্ন সহায়ক কর্ম পরিবেশ তৈরি করতে সহায়তা করে।
যুব উন্নয়ন কর্মসূচীর আওতায় তরুন কর্মীদের জন্য সফট স্কিল এবং ডেভলপমেন্টাল প্রশিক্ষন সহায়তার মধ্যে রয়েছে পেশাগত এবং ব্যক্তিগত উন্নয়ন, কারিগরী দক্ষতা উন্নয়ন, মৌলিক শিক্ষা, মৌলিক কম্পিউটার শিক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ইত্যাদি।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, “বাংলাদেশ এখন জনসংখ্যাগত লভ্যাংশের দিক থেকে একটি স্বর্নালী যুগ অতিক্রম করছে। কারন, আমাদের একটি কর্মক্ষম তরুন জনগোষ্ঠী রয়েছে। তরুন জনগোষ্ঠীকে জ্ঞান ও দক্ষতা দিয়ে মানবসম্পদে পরিনত করে বাংলাদেশের সকল সুযোগও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। যুব উন্নয়ন কর্মসূচীর মতো উদ্যোগগুলোতে নিয়োজিত হওয়ার প্রতিটি সুযোগ অনুসন্ধান করে বিজিএমইএ। কারন, যুবসমাজকে দক্ষ ও জনশক্তিতে পরিনত করা হলে তারা বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।”
সেন্টার ফর চাইল্ড রাইটস অ্যান্ড বিজনেস (দি সেন্টার) এর সিইও ইনেস কেম্পফার বলেন, “তরুন জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন পোশাক শিল্পের প্রবৃদ্ধি ও শিল্পের উন্নয়নের চাবিকাঠি। যুব উন্নয়ন কর্মসূচীটি কর্মী নিয়োগদানের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি উন্নয়ন থেকে শুরু করে শুধুমাত্র তরুন কর্মীদের দক্ষতার উন্নয়ন এবং তাদের জন্য কাজের সুযোগ তৈরি করে দেয়, তা নয়। পাশাপাশি, এটি বিজিএমইএ’কে তরুন জনগোষ্ঠীর উন্নয়নে প্রধান চালিকাশক্তি হওয়ারও সুযোগ তৈরি করে দিচ্ছে। বিজিএমইএর সহযোগিতায় আমরা এই কর্মসূচীকে ব্যাপক পরিসরে নিয়ে যেতে চাই, যাতে করে এই কর্মসূচীর সুফল আমরা আরও তরুন কর্মী ও পোশাক কারখানাগুলোর কাছে পৌঁছে দিতে পারি।”
বৈঠকে বিজিএমইএর পরিচালক নীলা হোসনে আরা; ক্রুবালেনি আরুল দাস, ম্যানেজার ফর সার্ভিসেস অ্যান্ড প্রোডাক্ট, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকা এবং কামরুন্নেসা বাবলী, কান্ট্রি ম্যানেজার, সেন্টার ফর চাইল্ড রাইটস অ্যান্ড বিজনেস উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//



