প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে করার সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত চলমান প্রকল্পে ব্যবহৃত মালামালের গুনগতমান বজায় রাখা এবং মনিটরিং কার্যক্রম জোরদার করাসহ নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি।
বুধবার (২১ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২৮তম বৈঠক কমিটির সভাপতি মো: মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য ফখরুল ইমাম এবং আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়ার সচিব, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব), বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর অতিরিক্ত সচিব, মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন হতে ২৩তম অধিবেশন পর্যন্ত ও একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হতে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত, সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কর্র্তৃক প্রদত্ত প্রতিশ্রুতির বিবরণ, বাস্তবায়নের সর্বশেষ অবস্থা এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশাসনকে গতিশীল ও যুগোপযুগী করার লক্ষ্যে বর্তমান সরকারের মেয়াদকালে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০০৯ সাল হতে অদ্য পর্যন্ত মোট ৭,৪৭,৩৩৬টি পদ সৃজনের সম্মতি প্রদান করা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকের শুরুতে প্রয়াত সংসদ উপনেতা, বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দা সাজেদা চৌধুরী এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনসহ তাঁর রূহের মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করা হয়।
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//



