সরকারের সকল লেনদেন ‘নগদে’ করার পরামর্শ সংসদীয় কমিটির
নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সংক্রান্ত সরকারের সব লেনদেন ‘নগদের’ মাধ্যমে পরিচালনার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। সেই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ডাক বিভাগের এই ডিজিটাল সেবাটিকে আরও জনপ্রিয় ও গ্রহণযোগ্য করার ওপর গুরুত্বারোপ করেছে কমিটি।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপস্থাপিত প্রতিবেদনে ‘নগদ’-এর সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংসদীয় কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য তথ্য ও প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নুরুল আমিন, মনিরা সুলতানা এবং অপরাজিতা হক বৈঠকে অংশ নেন।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠান ডাক বিভাগের সহায়তায় পরিচালিত নগদ সম্পর্কে বিরূপ তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
সংসদীয় কমিটির সদস্যরা নগদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলে বৈঠক সূত্রে জানা গেছে। তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটিকে আরও জনপ্রিয় করে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরামর্শ দেন। কমিটির সদস্যরা বয়স্ক ভাতা, শিক্ষা বৃত্তি ও উপবৃত্তিসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সব ধরনের ভাতা নগদের মাধ্যমে প্রদানের পরামর্শ দিয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রের উন্নয়নের কথা বিবেচনায় রেখে দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে নগদের মাধ্যমে সরকারের সব লেনদেন পরিচালনার পাশাপাশি জনগণের কাছে অধিক গ্রহণযোগ্য করার ওপর গুরুত্বারোপ করা হয়। সেই সঙ্গে নগদ- এর নাম ভাঙ্গিয়ে কোনও ধরনের অসৎ উপায় অবলম্বন করলে কঠোর হস্তে দমন করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের উপস্থাপিত তথ্যমতে, নগদ-এর গ্রাহক সংখ্যা বর্তমানে প্রায় ৬ কোটি ৬৮ লাখ। উদ্যোক্তার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার। ডিস্ট্রিবিউটর সংখ্যা ২০৮টি। দৈনিক লেনদেন প্রায় ৯৫৩ কোটি টাকা। প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ৬ হাজার ২৩১ জনের। পরোক্ষ কর্মসংস্থান ২ লাখ ৫৫ হাজার। দেশব্যাপী উপজেলা পর্যায়ে ৬০২টি নগদ সেবা কেন্দ্র রয়েছে।। দেশব্যাপী রয়েছে ৪৬টি ‘নগদ’ সেবা সেন্টার।
ডাক অধিদফতরের সঙ্গে রেভিনিউ শেয়ারের মাধ্যমে পরিচালিত সরকারি বিভিন্ন নিয়ম মেনে নগদ ডাক বিভাগকে ৫১ শতাংশ রেভিনিউ শেয়ার প্রদান করছে। ২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা প্রেরণের মাধ্যমে ‘নগদ’ সেবার উদ্বোধন করেন।
প্রতিবেদনে বলা হয়, নগদ থেকে ডাক বিভাগ মোট ৪ কোটি ৫৯ লাখ ১০ হাজার ৪৫৫ টাকা রাজস্ব পেয়েছে। ডাক বিভাগ ২০১৮-১৯ অর্থবছরে ৭ লাখ ৯৩ হাজার ২৬৬ টাকা, ২০১৯-২০ অর্থবছরে এক কোটি ১৯ লাখ ২২ হাজার ৩১১ টাকা, ২০২০-২১ অর্থ বছরে ৩ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৮৭৮ টাকা রাজস্ব পেয়েছে।
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//



