গ্লাসকোতে তথ্যমন্ত্রী

বিএনপি ফের পেট্রলবোমা ছুড়লে জনগণকে নিয়ে প্রতিরোধ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি আবারও পেট্রোল বোমার রাজনীতি করলে জনগণকে নিয়ে আওয়ামী লীগ তা প্রতিরোধ করবে বলে হুঁশিয়ার দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে পেট্রলবোমার রাজনীতি আগে করেছে, মানুষের ওপর বোমা নিক্ষেপ করে হত্যা করেছে। তারা তো সেই রাজনীতিই করেছে। তাদের সেই নেতাকর্মীরা রয়েছে। যে নেতারা তখন নির্দেশ দিয়েছিলেন তারাই এখন নেতৃত্ব দিচ্ছেন। জনগণ তো সব সময় সেই আতঙ্কে।

তিনি বলেন, তবে জনগণ তাদেরকে আর সেই সুযোগ দেবে না। আর যদি তারা সেটি করার অপচেষ্টা চালায় তাহলে সরকার যেমন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, আওয়ামী লীগও জনগণকে সঙ্গে নিয়ে পেট্রোল বোমার রাজনীতি যারা করেছে, যদি আবার সেটি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের বিরোধিতা করে বিএনপি জোট শত শত যানবাহন পুড়িয়ে দেয়। পেট্রোল বোমার আঘাতে দগ্ধ মানুষের আহাজারিতে হাসপাতালগুলোর বাতাস ভারি হয়ে ওঠে। পরের বছরও সেটি অব্যাহত থাকে এবং সে সময় বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে পেট্রোল বোমায় মারা যান প্রায় আড়াই শ মানুষ।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)