বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই
নিজস্ব প্রতেবদক: একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।
অসুস্থতা বাড়লে সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১৯৩৪ সালের ২৪ এপ্রিল সাতক্ষীরার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন তোয়াব খান।
১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে তোয়াব খানের সাংবাদিকতা ক্যারিয়ার শুরু। এরপর দৈনিক সংবাদ ও দৈনিক পাকিস্তানে কাজ করেন। বাংলাদেশের স্বাধীনতার পর দৈনিক পাকিস্তান থেকে বদলে যাওয়া দৈনিক বাংলার প্রথম সম্পাদক ছিলেন তিনি।
তোয়াব খান ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।
মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিকের ভূমিকা পালন করেন তোয়াব খান।
দৈনিক জনকণ্ঠের শুরু থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক ছিলেন তিনি। সর্বশেষ নিউজবাংলা ও দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব পালন করেন এই বর্ষীয়ান সংবাদ ব্যক্তিত্ব।
সাংবাদিকতায় অবদানের জন্য ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন তোয়াব খান। একই বছর বাংলা একাডেমির সম্মানীত ফেলো নির্বাচিত হন।
বিনিয়োগবার্তা/এসএএম//



