র্পাবত্য এলাকায় ত্রাণ বিতরণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পার্বত্য এলাকায় ভূমিধসে ক্ষতিগ্রস্তদের আর্থ সহায়তাসহ ত্রাণসামগ্রী বিতরণ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদানের এ নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৯ জুন) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত এক নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি বৃহত্তর চট্টগ্রামের পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে দেড়শতাধিক মানুষের প্রাণহানিসহ ভয়াবহ বিপর্যয় দেখা দেয়। ওই এলাকার বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন।

এ অবস্থায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক সহায়তাসহ খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরি ঔষধ প্রভৃতি প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে নির্দেশনায়।

গত ১২ জুন মধ্যরাতে তিন পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড়ধসে দেড়শরও বেশি মানুষের মৃত্যু হয়। এখনও যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে অনেক এলাকায়।

(এমআইআর/ ১৯ জুন ২০১৭)


Comment As:

Comment (0)