সশস্ত্র হামলা-বোমা তৈরির প্রশিক্ষণ দেয় জঙ্গি সংগঠন

গ্রেপ্তার ৭ জনকে সশস্ত্র হামলা-বোমা তৈরির প্রশিক্ষণ দেয় জঙ্গি সংগঠন

নিজস্ব প্রতিবেদক: জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতারকৃত সাতজনকে দেশের প্রতি ক্ষোভ জাগিয়ে তুলে সশস্ত্র হামলার প্রশিক্ষণ দেয় জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িতরা। এছাড়া গোপনে পটুয়াখালী ও ভোলার বিভিন্ন চর এলাকায় নিয়ে ধাপে ধাপে তাদের বোমা তৈরি, শারীরিক কসরত ও জঙ্গিবাদ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গ্রেফতারকৃতরা হলেন- পটুয়াখালীর হোসাইন আহম্মদ, মো. নেছার উদ্দিন ওরফে উমায়ের ও বণি আমিন। এছাড়া কুমিল্লা থেকে নিরুদ্দেশ হওয়া চার তরুণ হলেন- ইমতিয়াজ আহমেদ রিফাত, মো. হাসিবুল ইসলাম, রোমান শিকদার ও মো. সাবিত।

র‍্যাব জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নব্য জেএমবির তিন ধরনের প্রচারপত্র, বিস্ফোরক তৈরির নির্দেশিকা সম্বলিত পুস্তিকা, নব্য জেএমবির কর্মপদ্ধতি, উগ্রবাদী বই ও উগ্রবাদী ভিডিও সম্বলিত ট্যাব জব্দ করা হয়।

খন্দকার আল মঈন বলেন, গত ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা থেকে ৮ তরুণ নিখোঁজ হয়। এ ঘটনায় ২৫ আগস্ট কুমিল্লা কোতোয়ালি থানায় জিডি হয়। ঘটনাটি গণমাধ্যমে বহুলভাবে আলোচিত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয়। ফলশ্রুতিতে র‍্যাব ভুক্তভোগীদের উদ্ধারে ও জড়িতদের গ্রেফতারে নজরদারি বৃদ্ধি করে।প্রাথমিকভাবে জানা যায়, জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে তারা বাড়ি ত্যাগ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ সেপ্টেম্বর বাড়ি ছাড়ার প্রস্তুতিকালে ৪ তরুণকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেয় র‍্যাব। এর ধারাবাহিকতায় বুধবার রাতে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে বাড়ি ছাড়া চার যুবকসহ সাতনজকে গ্রেফতার করা হয়।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে// 


Comment As:

Comment (0)