সেপ্টেম্বরে ইএফডিতে ভ্যাট এসেছে ২৯ কোটি ৯৭ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থ বছরের (২০২২-২৩) সেপ্টেম্বর মাসে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালানের মাধ্যমে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আদায় হয়েছে ২৯ কোটি ৯৭ লাখ টাকা।
বুধবার (৫ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ইএফডি লটারির ড্র উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সদস্য (মূসক মূল্যায়ন ও বাস্তবায়ন) মইনুল খান এ তথ্য জানান।
দেশের পাঁচটি কমিশনারেটে স্থাপিত ইএফডি ও সেলস ডাটা কন্ট্রোলারের (এসডিসি) মাধ্যমে ৩২ লাখ ২৪ হাজার চালানের বিপরীতে এ ভ্যাট আদায় করা হয়েছে। গত আগস্ট মাসের চেয়ে যা ৭ কোটি ৬৫ লাখ টাকা কম।
আগস্ট মাসে ভ্যাট এসেছিল ৩৭ কোটি ৬১ লাখ টাকা। মইনুল খান বলেন, দিন দিন ইএফডি মেশিনের জনপ্রিয়তা বাড়ছে। গত অর্থবছরের চেয়ে চলতি বছরের আগস্টে ইনভয়েসিং ও রাজস্ব আদায়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচটি কমিশনারেট মোট ৭ হাজার ৮৩২টি ইএফডি ও এসডিসি স্থাপন করেছে। ৩ লাখ মেশিন বসানো হলে দীর্ঘমেয়াদে আরও বেশি সফলতা আসবে। এজন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//



