ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের অনলাইনে আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন আগামী ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।
শুক্রবার (৭ অক্টোবর) থেকে সমার্বতনে অংশগ্রহণের অনলাইন আবেদন শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী গত ২৬ আগস্ট ২০১৯ হতে ১৩ অক্টোবর ২০২২ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা এই ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
এই সমাবর্তনে অংশগ্রহণের জন্য আজ শুক্রবার থেকে আগামী ২৬ অক্টোবর রাত ১১: ৫৯ মিনিটের মধ্যে https://convocation.du.ac.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
একইসাথে এই সমাবর্তন অনুষ্ঠান অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের জন্য ঢাকা কলেজ ক্যাম্পাস এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের জন্য ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এসব কলেজের শিক্ষার্থীরাও একইভাবে আবেদন করতে পারবেন। সমাবর্তনে অংশ নেওয়ার পুরো প্রক্রিয়া জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর।
বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://du.ac.bd)- এ পাওয়া যাবে।
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//



