নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন হতে পারে: সিইসি
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, সেনাবাহিনী আমাদের অধীনে থাকবে।
শনিবার (৮ অক্টোবর) দেশের সব জেলার ডিসি ও এসপিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বৈঠক থেকে ইভিএমের নানা সমস্যার কথা তুলে ধরে তা নিরসনের পরামর্শ দেন ডিসি-এসপিরা। এ ছাড়া মনিটরিং সহজ করতে ভোটকেন্দ্র কমানোরও পরামর্শ তাদের।
সিইসি বলেন, নির্বাচন কমিশন এবার শক্ত অবস্থানে থাকবে। আজকের বৈঠক থেকে আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য কঠোরভাবে বলেছি। কেউ যেন এর ব্যত্যয় না করেন সে ব্যাপারে বলেছি। নির্বাচনের সময় রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে যেন হয়রানি না করা হয়।
দায়িত্ব পালনে ন্যূনতম শৈথিল্য প্রদর্শন করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন তার ওপর অর্পিত দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগে কঠোর অবস্থানে থাকবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব আন্তর্জাতিক প্রেক্ষাপটে উপেক্ষা করা যাবে না জানিয়ে তিনি বলেন, ‘সংসদীয় পদ্ধতির বহুদলীয় গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক প্রশ্নে মতপার্থক্য বা মতের ভিন্নতা থাকতেই পারে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পক্ষ-বিপক্ষ বিভাজন নিয়ে সংশয় থাকলেও আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষ ও সার্বিক রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা, প্রজ্ঞা ও বিচক্ষণতা যে কোনো সংকট ও সংশয় নিরসনে সামর্থ্য রাখে। মতৈক্য ও সমঝোতা হবে। সংকট ও সংশয় কেটে যাবে।
বিনিয়োগবার্তা/এমআর//



