ফলোয়ার কমার ঘটনায় ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে ফেসবুক
তথ্য ও প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফলোয়ার কমে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গেরও ফলোয়ার প্রায় ১২ কোটির মতো কমেছে। এমন পরিস্থিতিতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ফেসবুক। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত এই অসুবিধার জন্য ব্যবহারকারীদের কাছে ক্ষমাও চেয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফেসবুকে ফলোয়ার কমার ঘটনা স্বীকার করেছে মেটা।
প্রতিষ্ঠানটি বলেছে, ‘আমরা অবগত হয়েছি যে, অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ব্যবহারকারীর ফলোয়ার সংখ্যা কমেছে। যত দ্রুত সম্ভব আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। যেকোনো ধরনের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
এর আগে চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে প্রায় ১০০ কোটি ৬০ লাখ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক। ধারণা করা হচ্ছে, আবারও একই ধরনের কোনো ব্যবস্থা নেওয়ায় অনেক ব্যবহারকারীর ফলোয়ার সংখ্যা কমে গেছে।
নিজেদের ট্রান্সপারেন্সি সেন্টার পেজে ফেসবুক লিখেছিল, ‘আমাদের লক্ষ্য হলো, যত বেশি সম্ভব ভুয়া অ্যাকাউন্ট ফেসবুক থেকে মুছে ফেলা। এর মধ্যে আমাদের পলিসির বিরুদ্ধে যায়, ব্যবসার জন্য খোলা ব্যক্তিগত অ্যাকাউন্ট ও পোষাপ্রাণীর নামে খোলা অ্যাকাউন্টও রয়েছে।’
প্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘আমরা ক্ষতিকর ভুয়া অ্যাকাউন্ট বন্ধের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি। এগুলোর অনেক অ্যাকাউন্ট প্রচারণা ও ব্যবসার উদ্দেশে ব্যবহার করা হচ্ছিল।’
ফেসবুক জানিয়েছিল, চলতি বছরের এপ্রিল থেকে জুনে সচল থাকা মোট ফেসবুক অ্যাকাউন্টের পাঁচ শতাংশই ভুয়া ছিল।
বিনিয়োগবার্তা/এমআর//



