দুর্ভিক্ষ নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে দুর্ভিক্ষ হবে। আসন্ন দুর্ভিক্ষে বাংলাদেশ যেন ভালো থাকে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৭ অক্টোবর) ‘বিশ্ব খাদ্য দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে দুর্ভিক্ষ হবে। বাংলাদেশে যেন খাদ্যাভাব দেখা না দেয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, ভর্তুকি দিয়ে কৃষি উৎপাদন সচল রাখার চেষ্টা করা হচ্ছে। খাদ্য উৎপাদনে মনোযোগী হতে হবে, সাশ্রয়ী হতে হবে। আমরা সবাই যদি উৎপাদনে থাকি তাহলে খাদ্য সংকটে আমাদের পড়তে হবে না।
শেখ হাসিনা বলেন, খাদ্যের পাশাপাশি পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। বীজ উৎপাদনে গবেষণা চলছে। খাদ্য প্রক্রিয়াজাতে গুরুত্ব দেওয়ার পাশাপাশি রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার।
সরকারপ্রধান বলেন, মানুষ যেন সুষম খাদ্য গ্রহণ করে সে বিষয়ে আরও সচেতন হতে হবে। শুধু খাদ্য নিরাপত্তাই করিনি, সুষম খাদ্যের কারণে মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা আগে থেকেই একটা বিষয়ে উদ্যোগ নিয়েছিলাম, সেটা হচ্ছে গবেষণার মাধ্যমে লবণাক্তসহিষ্ণু, ক্ষরাসহিষ্ণু এবং জলমগ্ন.... কারণ আমাদের দেশে মাঝে মাঝে দীর্ঘস্থায়ী বন্যা হলে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। কাজেই এ ধরনের ধান বীজ যাতে গবেষণা করে পাওয়া যায় সে ব্যবস্থাটাও আমরা নিই। গবেষণার মাধ্যমেই আজকে শত শত প্রকারের উচ্চ ফলনশীন বীজ উদ্ভাবন হচ্ছে, সেগুলো ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে।
বিনিয়োগবার্তা/এমআর//



