সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অনুষ্ঠানে প্রধান বিচারপতি
মহানবীর দেখানো পথেই আমাদের চলতে হবে
নিজস্ব প্রতিবেদক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দেখানো পথে সবাইকে চলার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সোমবার (১৭ অক্টোবর) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সমিতির অডিটরিয়ামে ‘হজরত মুহাম্মদ (সা.)-এবং একটি মানবিক বিশ্ব’ শীর্ষক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, সংবিধান প্রতিটি নাগরিকের সমান অধিকার দিয়েছে। কেন হিন্দুরা ভাববে তারা মাইনরিটি। সবাই এ দেশের নাগরিক। আমাদের নতুন করে ভাবতে হবে।
রাসুল (সা.) আমাদের যে পথ দেখিয়ে গেছেন, সে অনুযায়ী চলতে হবে। তার পুরো জীবনটাই আমাদের জন্য অনুকরণীয়। সহজ সরল পথ, যেটি আমাদের রাসুল (সা.) দেখিয়ে গেছেন। দুনিয়ার কোনো সম্পদ যাকে আকর্ষণ করেনি। তিনি মানুষের সঙ্গে যে আচরণ করেছেন, তা ছিল মানবিক।
তিনি একজন শত্রুর সঙ্গেও মানবিক আচরণ করেছেন। অথচ আমরা কীভাবে বাড়ি-গাড়ি করব, তা নিয়ে ব্যস্ত থাকি। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে।
বিনিয়োগবার্তা/এমআর//



