ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তুলতে এলসি ওয়াইকিকিকে সহযোগিতা জোরদারের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তুলতে বাংলাদেশি সরবরাহকারীদের সঙ্গে সহযোগিতা জোরদার করার জন্য এলসি ওয়াইকিকিকে আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
তিনি বলেন, বাংলাদেশের পোশাক শিল্প উৎপাদন প্রক্রিয়াকে দক্ষ ও টেকসই করতে ব্যাপক বিনিয়োগের পাশাপাশি পাশাপাশি অধিকমূল্য সংযোজিত পণ্যের দিকে ঝুঁকছে।
মঙ্গলবার বিজিএমইএ কমপ্লেক্সে এলসি ওয়াইকিকি এর কান্ট্রি ডিরেক্টর ওজগুড় তুর্কের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বৈঠকে এলসি ওয়াইকিকি এর ওভারসিজ কান্ট্রিজ ডিরেক্টর ওমর ওউত উপস্থিত ছিলেন।
তারা বর্তমান বাজার পরিস্থিতি, বৈশ্বিক প্রবণতা, বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে এলসি ওয়াইকিকি এর পরিকল্পনাসহ বাণিজ্য সংক্রান্ত বিভিন্নবিষয়নিয়ে আলোচনা করেন।
ফারুক হাসান পোশাক শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং পণ্যের বৈচিত্র্য, বিশেষ করে নন-কটন এবং হাই-এন্ড পণ্যের প্রতি পোশাক শিল্পের ক্রমবর্ধমানভাবে মনোযোগী হয়ে উঠার বিষয়টি তুলে ধরেন।।
তিনি তুর্কি ব্র্যান্ডকে বাংলাদেশে ব্যবসার সুযোগ অন্বেষণ করার অনুরোধ জানিয়ে বলেন যে এতে করে পারস্পরিক সুবিধা পাওয়া যাবে।
তিনি এলসি ওয়াইকিকিকে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ এবং বাংলাদেশ থেকে সোর্সিং এর পরিমাণ বাড়াতে বিজিএমইএ এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান তাদেরকে পোশাক শিল্পের শক্তি ও সক্ষমতা তুলে ধরতে ঢাকায় বিজিএমইএ এর উদ্যোগে ১২-১৮ নভেম্বর আয়োজিতব্য“মেইড ইন বাংলাদেশ উইক”এ অংশগ্রহনের আমন্ত্রণ জানান।
বিনিয়োগবার্তা/এসএল//



