4481

৭ দিনে মধুমতি সেতুতে টোল ২৩ লাখ টাকা

বিনিয়োগবার্তা ডেস্ক: উদ্বোধনের প্রথম সাতদিনেই গোপালগঞ্জের মধুমতি সেতুতে টোল আদায় হয়েছে ২৩ লাখ ৩৪ হাজার ২৫০ টাকা। এ সময় পারপার হয়েছে ২৫ হাজার ৫৮৭টি যানবাহন। 

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন।

তিনি বলেন, টোল আদায় ব্যবস্থার এখনো ইজারা হয়নি। গোপালগঞ্জ সওজের কর্মকর্তা-কর্মচারীরা টোল আদায় করছেন। টোলের কম্পিউটারাইজ রশিদ দেওয়া হচ্ছে। মধুমতি সেতুর পূর্ব পাড়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এবং পশ্চিম পাড়ে নড়াইলের লোহাগড়া উপজেলা। কিন্তু এ সেতুটি গোপালগঞ্জ জেলা সীমানার মধ্যে পড়েছে। তাই গোপালগঞ্জ অংশে টোলপ্লাজা স্থাপন করা হয়েছে। এটি নিয়ন্ত্রণ করছে  গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ।

সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুর টোল হার নির্ধারণ করে দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কন্টেইনার বা ভারী মালামাল পরিবহনে সক্ষম যানের টোল ধরা হয়েছে ৫৬৫ টাকা, বড় ট্রাক বা কাভার্ড ভ্যান ৪৫০ টাকা, মাঝারি ট্রাক ২২৫ টাকা, বড় বাস ২০৫ টাকা, ছোট ট্রাক ১৭০ টাকা, পাওয়ার টিলার বা ট্রাক্টর ১৩৫ টাকা, মিনিবাস বা কোস্টার ১১৫ টাকা, মাইক্রোবাস বা পিকআপ ৯০ টাকা, সিডান কার ৫৫ টাকা, টেম্পো বা সিএনজি অটোরিকশা ২৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা এবং ভ্যান, রিকশা বা বাইসাইকেল ৫ টাকা নির্ধারণ করেছে।

আরো জানায়, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে জাপানি ও বাংলাদেশি ঠিকাদারেরা যৌথভাবে সেতুটি তৈরি করেছেন। সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার।

প্রসঙ্গত, সোমবার দৃষ্টিনন্দন এ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন রাত ১২টা এক মিনিটি থেকে সেতু দিয়ে শুরু হয় যান চলাচল । এটি স্থানীয়দের কাছে কালনা সেতু নামে পরিচিত।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)