বাজার মনিটরিং

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও জেলা প্রশাসনের ভার্চুয়াল মতবিনিময়

নিত্য পণ্যের বাজার মনিটরিংয়ের নির্দেশ

ডেস্ক রিপোর্ট: নিত্য পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

রোববার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও জেলা প্রশাসনের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আলোচনায় সাইক্লোন সিত্রাং, আমন ও রবি শস্যের উৎপাদন, সার মজুদসহ সাম্প্রতিক নানা বিষয় প্রাধান্য পায়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে শেষে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত  মুন। তিনি বলেন, সভায় সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের কর্মকর্তারা বাজারে নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি এবং সারের মজুদ ও সরবরাহ সম্পর্কিত বিষয়ে মুখ্য সচিব  ড. আহমদ কায়কাউসকে বিস্তারিত অবহিত করেন। এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বাজারে নিত্য পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন। একই সঙ্গে বাজারে সাম্প্রতিক চিনির স্বল্পতা ও মূল্য বৃদ্ধি বিশেষ করে চিনির মজুদ পরিস্থিতি, আমদানির অবস্থা, সরবরাহকারী কিংবা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবস্থা, অন্যান্য নিত্য পণ্য সরবরাহ পরিস্থিতি এবং টিসিবির কার্যক্রম সম্পর্কেও আলোচনা হয়।

বৈঠকে সর্বশেষ আবহাওয়া বুলেটিনের তথ্য বিশেষ করে সাইক্লোন সিত্রাং নিয়ে আলোচনা হয়। এ ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাব্য এলাকাগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে পর্যালোচনা করা হয়। 

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রীর কাযালয়ের সিনিয়র সচিব মো. তোজাজ্জল হোসেন মিয়ার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় শিল্প সচিব, খাদ্য সচিব, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও উপকূলীয় জেলা সমূহের জেলা প্রশাসকগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)