এক বছরে ১০০ বিলিয়ন ডলারের বেশি লোকসান ইলন মাস্কের
বিনিয়োগবার্তা ডেস্ক: চলমান বৈশ্বিক মন্দার প্রভাব পড়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পদের উপর। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী মাস্কের সম্পদ কমেছে উল্লেখযোগ্য হারে।
সম্প্রতি ফোর্বসের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, এক বছরের ব্যবধানে তিনি ১০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ খুইয়েছেন, যা তার মোট সম্পদের এক-তৃতীয়াংশ।
ওই প্রতিবেদনে বলা হয়, মাস্কের মোট সম্পদের প্রায় ৩৫ শতাংশ কমেছে, যা গত বছরের ৪ নভেম্বর ৩২০.৩ বিলিয়ন ডলার থেকে ২০ অক্টোবর ২০৯.৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এমনকি শুধু এ মাসেই তার সম্পদ কমেছে ২৮ বিলিয়ন ডলার।
বুধবার (১৯ অক্টোবর) প্রকাশিত টেসলার ত্রৈমাসিক আয় প্রতিবেদন অনুসারে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির আয় বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় কম হয়েছে, যা বিনিয়োগকারীদের আতঙ্কিত করেছে।
এ বিষয়ে মিলার তাবাক প্লাস কোম্পানির প্রধান মার্কেট স্ট্র্যাটেজিস্ট ম্যাট ম্যালি একটি ই-মেইলে ফোর্বসকে জানিয়েছেন, ‘ইলন মাস্ক উচ্চমূল্যে গাড়ি বিক্রি করেন। তাই চলমান অর্থনৈতিক মন্দা তার ব্যবসার জন্য ভালো হবে না।’
বিনিয়োগবার্তা/ডিএফই//



