বাংলাদেশে স্বাস্থ্য খাত ক্রমাগত উন্নতি হচ্ছে
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য খাতে ক্রমাগত উন্নতি হচ্ছে। চিকিৎসার জন্য রোগীদের আর বিদেশে যেতে হবে না। এমনকি মফস্বল থেকে ঢাকাতেও আসা লাগবে না।
বুধবার (২৬ অক্টোবর) শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হার্টের চিকিৎসা ভালো হচ্ছে। কিডনির বিশেষায়িত চিকিৎসা হচ্ছে। বার্ন ইনস্টিটিউটে এখন দেশের সব জায়গা থেকে মারাত্মক দগ্ধ রোগীরা আসছে। নিউরো সায়েন্সে দেশে এখন যেভাবে চিকিৎসা হচ্ছে, সেগুলো আগে ছিল না। এগুলো প্রধানমন্ত্রীর উদ্যোগে হয়েছে। আমরা সারাদেশে সুচিকিৎসার ব্যবস্থা করছি যেন চিকিৎসার জন্য কাউকে ঢাকাতেই আসতে না হয়।
তিনি আরো বলেন, আমরা নিউরো, অর্থোপেডিক, মেন্টাল হেলথ এবং স্কিনের চিকিৎসার জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছি। ডিপিপি হয়ে গেছে। বিদেশে আর কাউকে দৌড়াতে হবে না। বাংলাদেশে বিশ্বমানের ওষুধ তৈরি হচ্ছে। এক্সপার্ট হচ্ছে। এটিও সরকারের অনেক বড় সফলতা।
এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক সিরাজুল ইসলাম শিশির, অধ্যাপক মাহমুদ হাসান প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর//



