যুক্তরাষ্ট্রের অ্যাসিসটেন্ট সেক্রেটারি ও প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী
ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা নিয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিকফা) বিসয়ক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৈঠকে জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস (জিএসপি), তুলা আমদানি ও মেধাস্বত্ব আইন (আইপিআর) নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের অ্যাসিসটেন্ট সেক্রেটারি অরুণ ভ্যানকাটারাম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ডিসেম্বরে টিকফা মিটিং রয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা হবে। দুই পক্ষের আলোচনা খুবই আন্তরিক হয়েছে। আমরা সামনের দিকে এগোতে পারবো বলে আশাবাদী। আইপিআর নিয়ে যা যা দরকার ছিল সেগুলো আমরা ওভারকাম করেছি। জিএসপি নিয়েও আলোচনা হবে। তুলা যেখানে হয় সে জায়গা দেখতে আমাদের একটি টিম দুই-একদিনের মধ্যে যাচ্ছে। দুই দেশের ইমিগ্রেশনে কী কী সমস্যা রয়েছে সেসব রিপোর্ট নিয়ে টিকফা মিটিংয়ে আলোচনা করব।
এদিন একই হোটেলে ২৮তম ইউএস ট্রেড শো উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস। আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) বাংলাদেশের সঙ্গে যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করেছে। ট্রেড শোটি শেষ হবে ২৯ অক্টোবর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
এ ছাড়া ঢাকায় কমার্শিয়াল সার্ভিস অফিস খুলেছে যুক্তরাষ্ট্র। আমেরিকান সেন্টারের এই অফিস উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ইউএস অ্যান্ড ফরেন কমার্শিয়াল সার্ভিসের ডিরেক্টর জেনারেল অরুণ ভেঙ্কটরমন।
বিনিয়োগবার্তা/এসএএম//



