নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান: গরিবের পেটে লাথি মারা ছাড়া আর কিছুই নয়
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।
বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের ভেলানগর (জেলখানা মোড়) থেকে ইটাখোলা বাসস্ট্যান্ড পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
জানা যায়, নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে দোকান পাট বসিয়ে ব দোকানদারী করছে এক শ্রেণীর মানুষ। কিছুদিন পরপর উচ্ছেদ অভিযান চালালেও পুনরায় দোকানপাট বসায তারা।
উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ভেলানগর জেলখানা মোড়ের এক কাঁচামাল ব্যবসায়ী বলেন, কিছুদিন পর পর এ উচ্ছেদ অভিযান আমাদের মতো গরিব মানুষের পেটে লাথি মারা ছাড়া আর কিছুই নয়। আমাদের বসার মতো নির্দিষ্ট একটা জায়গা করে দিলে আমরা সেখানেই দোকান খুলে বসতে পারি। আজ যেই মাত্র দোকান খুলে বসেছি আর তখনই উচ্ছেদ অভিযান। বেচা বিক্রি না হলে আমরা খাব কি?
জানতে চাইলে নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলাম এই উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কের পাশে রাস্তা মানুষের চলাচলের সুবিধার জন্য এবং যানজট মুক্ত করতে নরসিংদী জেলা প্রশাসকের নির্দেশক্রমে আমাদের এই উচ্ছেদ অভিযান। আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং তা চলমান থাকবে।
তিনি বলেন, বৃহস্পতিবার ভেলানগর কাচাঁ বাজার থেকে ইটাখোলা বাসস্ট্যান্ড পর্যন্ত মহাসড়কের পার্শ্ববর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে মাধবদী থেকে ভৈরবের আগে নরসিংদীর সীমান্ত পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
বিনিয়োগবার্তা/এসএইচআর/এসএল//এসএএম//



