আন্তর্জাতিক শিশু কন্যা দিবস শিক্ষামন্ত্রী

নতুন কারিকুলামে আনন্দ নিয়ে পড়াশোনা করবে শিক্ষার্থীরা 

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু পরীক্ষায় ভালো ফল করা গুরুত্বপূর্ণ নয়। ভালো মানুষ হিসেবে সহমর্মিতা, নীতি-আদর্শ অর্জন করা বেশি জরুরি। আমরা শিক্ষার্থীদের সেভাবে গড়তে চাই। শিক্ষার্থীরা যা পড়ছে তা যেন বুঝে পড়তে পারে সেভাবে নতুন কারিকুলাম করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পড়তে ও বুঝতে পারবে।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর বাংলা একাডেমিতে আন্তর্জাতিক শিশু কন্যা দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পরীক্ষায় বেশি নম্বর পাওয়াটা জীবনের লক্ষ্য হতে পারে না। কী পড়া হচ্ছে তা বোঝাটা গুরুত্বপূর্ণ। পাঠের বিষয় আনন্দের হলে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে পড়বে ও শিখতে পারবে।

দীপু মনি বলেন, ছেলে-মেয়েদের সমঅধিকার বা আলাদা করার কিছু নেই। আমরা চাই, যার যেখানে যা প্রয়োজন তা নিশ্চিত করতে হবে। ছেলেদের-মেয়েদের বেড়ে উঠতে কোনো বাধা থাকবে না। মুক্ত আকাশের মতো তারা বড় হবে।

তিনি আরো বলেন, জীবনের প্রতিবন্ধকতা থেকেও নতুন শিক্ষা ও জ্ঞান অর্জন করা সম্ভব। করোনা আমাদের এটা প্রমাণ করে দেখিয়েছে। কোনো প্রতিকূলতা মানুষকে আটকে রাখতে পারে না, সেখান থেকে নতুন সম্ভাবনা তৈরি হয়। তাই নারী-পুরুষ হিসেবে আলাদা করে নয়, উভয়ের সমান সুযোগ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মেহজাবিন হক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)