দেশকে উন্নত করতে সরকার নিরলস কাজ করছে
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে নিরলস কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দেশে পর্যাপ্ত রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট, স্কুল কলেজ নির্মাণ করা হয়েছে এবং প্রয়োজনে আরো নির্মাণ করা হবে।
শরিবার (২৯ অক্টোবর) হবিগঞ্জের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের ধর্মদেহী-মুড়াগঞ্জ পাকা রাস্তা থেকে ধর্মদেহী গ্রামের শেষ পর্যন্ত রাস্তা এবং ধর্মদেহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
পরিবেশমন্ত্রী বলেন, দেশের গরিব ও অসহায় মানুষকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। জনগণকে সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো ধর্মীয় পরিচয় বিবেচনা করা হয় না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সমানভাবে সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হয়। বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে, আরো এগিয়ে যাবে।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান ও উপজেলা কৃষি অফিসার দেবল সরকার প্রমুখ।
পরে মন্ত্রী অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক কৃষক সমাবেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে আগাম শীতকালীন সবজি বীজ বিতরণ করেন।
বিনিয়োগবার্তা/এমআর//



