সাংবাদিকতায় ফ্যাক্টচেক অতি গুরুত্বপূর্ণ: আইসিটি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভুল তথ্য সমাজে অস্থিরতা বয়ে আনে। আর সংবাদমাধ্যমের ভুল তথ্য সেটি বাড়িয়ে দিয়ে নানান অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলে। তাই সাংবাদিকতায় ফ্যাক্ট চেক এখন অতি গুরুত্বপূর্ণ।
রোববার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর সদস্যদের জন্য ‘সাংবাদিকতায় ফ্যাক্টচেক বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, টিএমজির নেতৃত্ব বহুমুখী। ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গঠনে টিএমজিবির সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি বলেন, নির্বাচন এলেই গুজব ছড়িয়ে ম্যানুপুলেট করা হচ্ছে। সেটা শুধু বাংলাদেশ নয়, ব্রিটেন, ইউএসএসহ বিভিন্ন দেশে সেটি হচ্ছে। ফলে আজকের যে কর্মশালা সেটি খুব গুরুত্বপূর্ণ।
এর আগে পিআইবির আয়োজনে গত ২৮ অক্টোবর থেকে তিনদিনের কর্মশালা শুরু হয়। কর্মশালায় টিএমজিবির ৩০ জন সদস্য অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন ও সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ।
বিনিয়োগবার্তা/এসএল//



