স্বার্থান্বেষী শ্রেণি ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপতৎপরতা চালাচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, একটি স্বার্থান্বেষী শ্রেণি দেশের ধর্মীয় ঐতিহ্য ও সম্প্রীতির পরিবেশে নষ্ট করার অপতৎপরতা চালাচ্ছে। এ বিষয়ে খতিব, ইমামসহ ধর্মীয় ব্যক্তিত্বদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনিষ্টকারীদের বিষয়ে ইসলামে কঠোর শাস্তির কথা উল্লেখ রয়েছে।
রোববার ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহিদ আব্দুল জব্বার মিলনায়তনে ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষ ধর্মীয় ব্যক্তিত্বদের অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করে। তাদের দিক-নির্দেশনা মেনে সামাজিক ও ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। এ কারণে ধর্মীয় ব্যক্তিত্বদের সামাজিক ও ধর্মীয় অবস্থান কাজে লাগিয়ে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত সম্প্রীতি রক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো উসকানি যাচাই বাছাই না করে গুজবে কান দিয়ে সহিংসতায় জড়িত হওয়া অত্যন্ত অন্যায় ও নিন্দনীয় কাজ। এর মাধ্যমে আমাদের ধর্ম, সমাজ ও রাস্ট্রের অপূরণীয় ক্ষতি হয়।
ফরিদুল হক খান বলেন, বাংলাদেশের সংবিধানে সব সম্প্রদায়ের মানুষকে ধর্মীয় অধিকার দেওয়া হয়েছে। জাতির পিতা আমাদের সংবিধানে সাম্প্রদায়িক সম্প্রীতির মূলনীতি সন্নিবেশ করে গেছেন। এই মূলনীতি রক্ষা করে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে দল, মত, ধর্ম, নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। যার সুফল জনগণ এরই মধ্যে পেতে শুরু করেছে।
বিনিয়োগবার্তা/এসএল//



