বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চায় থাইল্যান্ড

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চায় থাইল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সইয়ে আগ্রহী থাইল্যান্ড। দেশটি একইসাথে দ্রুততম সময়ে যৌথ কমিশন বৈঠক অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেছে। 

রবিবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাইল্যান্ডের সফররত পার্মানেন্ট সেক্রেটারি সারুন চারুয়েনসুয়ান পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাতকালে এই আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি ও ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডের প্রশংসা করেন, যা দেশটির দ্রুত রুপান্তর ঘটাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের অর্থনীতির জন্য পারষ্পরিক লাভজনক উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতের উন্নয়নে থাইল্যান্ডের বিশেষজ্ঞ সহযোগিতা চান। 

এছাড়া তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্য ও ওষুধ খাতে থাইল্যান্ডকে বিনিয়োগে উৎসাহিত করেন।

ড. মোমেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাবাসনের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান এবং জোটের সদস্য হিসাবে থাইল্যান্ডকে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। 

আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে থাই পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীকে যোগ দেয়ার আমন্ত্রণ জানান। এর আগে থাই পার্মানেন্ট সেক্রেটারি চারুয়েনসুয়ান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)