২৮তম ইউএস ট্রেড শোতে পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অধিকতর বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের চমৎকার ব্যবসাবান্ধব পরিবেশ ও বৃহৎ অভ্যন্তরীণ বাজারের কথা বিবেচনা করে মার্কিন ব্যবসায়ীদের অধিকতর বিনিয়োগের মাধ্যমে এদেশে ব্যবসা প্রতিষ্ঠান খোলার  আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ২৮তম ইউএস ট্রেড শো উপলক্ষে ‘আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ’ আয়োজিত এক নৈশ্যভোজে এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যবসায়িক সুযোগের একটি অনুকূল দেশ। বাংলাদেশ সরকার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে (এফডিআই) সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের জন্য এখানে এসে ব্যবসা করার এখনি উপযুক্ত সময়। মার্কিন কোম্পানিগুলো এখান থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবে।

তিনি আরো বলেন, ‘অর্থনৈতিক কূটনীতি’ বর্তমান বাংলাদেশ সরকারের বৈদেশিক নীতির অন্যতম প্রধান লক্ষ্য। ঢাকা সব সময়ই অর্থবহ অংশীদারিত্বে আগ্রহী এবং আমরা যুক্তরাষ্ট্রের মতো বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে এমনভাবে কাজ করতে চাই- যেন আমাদের দেশের ও বৈশ্বিক উন্নয়নের লক্ষ্য অর্জনে পারস্পারিক উপকার পেতে পারি।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের দেশ ও বৈশ্বিক উন্নয়নের লক্ষ্য অর্জনে ইউএস ট্রেড শো-র মতো অংশীদারিত্বমূলক যোগাযোগ জরুরি। এই সময়ে  ইউএস ট্রেড শো অধিকতর তাৎপর্যপূর্ণ। কারণ, এখন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র তাদের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী পালন করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আয়োজনটি এই দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও ব্যবসার ক্ষেত্রে উদ্দীপক হয়ে থাকবে।

মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বিপুল পরিমান কোভিড-১৯ ভ্যাকসিন দিয়ে বাংলাদেশকে সহায়তায় করায় মার্কিন সরকারের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের মতো (যুক্তরাষ্ট্র) বন্ধুর সহায়তায় আমরা এই মহামারিকে খুব ভালোভাবে মোকাবিলা করেছি।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ’র সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)