তৈরি পোশাক

অক্টোবরে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৩.২৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের অক্টোবর মাসে তৈরি পোশাক পণ্য রপ্তানি ৩ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে এক বছরে রপ্তানি ৩.৬৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আর বছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর’২২) দেশ থেকে সামগ্রিক তৈরি পোশাক পণ্য রপ্তানি ১৩.৯৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আর এই সময়ে পোশাক রপ্তানিতে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৫৫ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর ২০২২-২৩ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ের সর্বশেষ রপ্তানি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য বিশ্লেষণে জানা যায়, অক্টোবরে নিটওয়্যার এবং ওভেন খাত থেকে রপ্তানি যথাক্রমে ১.৪৬% এবং ৫.৭১% বৃদ্ধি পেয়েছে। নিটওয়্যার পণ্য রপ্তানি ৭.৭২ বিলিয়ন মার্কিন ডলার এবং ওভেন রপ্তানি ৬.২২ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, ২০২১-২২ অর্থবছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৭.১৪% এবং ১৫.০৮% প্রবৃদ্ধি হয়েছে।

বিজিএমইএ’র পরিচালক মোঃ মহিউদ্দিন রুবেল বলেন, অক্টোবরে তৈরি পোশাক রপ্তানি কমে যাওয়ার একটি পূর্বাভাস থাকা সত্ত্বেও পোশাক খাতে এ ধরনের ইতিবাচক বৃদ্ধিকে স্বাগত জানাই। যেহেতু, বিশ্বব্যাপী খুচরা বাজারগুলো সংগ্রামরত এবং ক্রেতারা নতুন কার্যাদেশ প্রদান এবং ইনভেনটরি পরিচালনার ক্ষেত্রে সতর্ক পদক্ষেপ অনুসরণ করছে, তাই পোশাক খাতের একজন উদ্যোক্তা হিসেবে আগামী মাসগুলোতে কার্যাদেশ প্রাপ্তি এবং প্রবৃদ্ধির ব্যাপারে আমি আশাবাদী নই।

তিনি বলেন, একক মাসে ৩.৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি উল্লেখযোগ্য। আমাদের শিল্পের আরও পণ্য সরবরাহ করার সক্ষমতা রয়েছে এবং আমরা পণ্য এবং বাজার বৈচিত্র্যকরণসহ নতুন সুযোগগুলোর অন্বেষণ করছি।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)