জামালপুরের ইসলামপুর ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ ও  বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। 

বাংলাদেশ ও বাঙালির ইতিহাস জানার জন্য বঙ্গবন্ধুর বই, তার জীবন ও কর্ম নিয়ে পড়াশোনা করতে হবে। নতুন প্রজন্মকেও বঙ্গবন্ধু বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে।

বুধবার (২ নভেম্বর) জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী,‍‍ কারাগারের রোজনামচা, এবং সে আগুন ছড়িয়ে গেলো সবখানেঃ সময় রেখায় বঙ্গবন্ধু- বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত সাড়ে ১৩ বছরে দেশের যে অভূতপূর্ব উন্নয়ন করেছে তা জনগণের কাছে তুলে ধরতে হবে।  সরকারের সাফল্য বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে। নেতাকর্মীদের জনগণের দোরগোড়ায় যেতে হবে।

তিনি আরো বলেন, সরকারের ১০টি মেগা প্রকল্প বাস্তবায়ন প্রায় শেষ পর্যায়ে। পদ্মা সেতুসহ অনেকগুলো বড় বড় সেতু  উদ্বোধন করা হয়েছে। এসব উন্নয়নের ফলে দেশের উন্নয়ন আজ দৃশ্যমান। যার সুফল এরই মধ্যে জনগণ ভোগ করছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য সরকার বিভিন্ন  সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করেছে। যা আগের কোনো সরকার করেনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জামাল আব্দুন নাছের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আব্দুস  সালাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসাই প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)