পিডিবির সঙ্গে আইএমএফর বৈঠক

পিডিবির সঙ্গে আইএমএফর বৈঠক

বিদ্যুৎ খাতে ভর্তুকির বিকল্প জানতে চায় আইএমএফ

নিজস্ব প্রতিবেদক: সরকারের বিদ্যুৎ খাতে ভর্তুকির বিকল্প কী, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিদ্যুৎ খাতে উৎপাদন খরচ ও বিক্রির মধ্যে ঘাটতি কমাতে মূল্য সমন্বয় করা যেতে পারে। এটি না হলে ভর্তুকির পরিবর্তে বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিলে কী হবে, তা-ও জানতে চেয়েছে তারা।

বুধবার (২ নভেম্বর)  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় জানতে চাওয়া হয়। বৈঠকে ছয় সদস্যের আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির এশীয় ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দ।

আর পিডিবির পক্ষে নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের বিস্তারিত তথ্য নিয়েও পিডিবির সঙ্গে আলোচনা করেছে আইএমএফ। মূলত পিডিবির আয়-ব্যয় নিয়েই বিস্তারিত জানতে চেয়েছে তারা।

বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা এ বিষয়টি জানিয়েছেন। বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিলে তা সুদসহ শোধ করতে হবে, এতে পিডিবির বোঝা আরও বাড়বে। পিডিবি অলাভজনক প্রতিষ্ঠান। আর বিদ্যুৎ জনগণের সাংবিধানিক অধিকার। তাই সরকারের নীতি মেনে জনকল্যাণে তারা কম দামে বিদ্যুৎ সরবরাহ করে।

ভর্তুকি বন্ধ করে দিলে পিডিবি কীভাবে চলবে আইএমএফের এমন প্রশ্নের জবাবে সংস্থাটি বৈঠকে জানায়, ভর্তুকির বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে, তা মেনেই কাজ করবে পিডিবি।

বৈঠক সূত্র বলছে, ২০৩০ সালের পর বিদ্যুৎকেন্দ্রের ভাড়া কমবে কি না, এ বিষয়ে আইএমএফ প্রশ্ন করেছে। জবাবে পিডিবি বলেছে, প্রতিবছর অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে বিদ্যুতের চাহিদা বাড়ছে। তাই নতুন নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা হচ্ছে। এতে বিপুল বিনিয়োগের বিপরীতে কেন্দ্র ভাড়াও বাড়তে থাকবে। এটি কমার কোনো সম্ভাবনা এখনই বলা যাচ্ছে না। এখানে অনেক হিসাব নিকাশের বিষয় আছে।

ভাড়াভিত্তিক (রেন্টাল) বিদ্যুৎকেন্দ্রের আর্থিক প্রভাবও জানতে চেয়েছে আইএমএফ। জবাবে পিডিবি জানিয়েছে, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা আগের চেয়ে কমছে। গত অর্থবছরে (২০২১-২২) পিডিবির ২৯ হাজার কোটি টাকা ভর্তুকির মধ্যে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছে মাত্র ১ হাজার ১০০ কোটি টাকা।

এর আগে গতকাল সকালে বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলাদা বৈঠক করে আইএমএফের প্রতিনিধিদল। বিদ্যুৎ-সচিব হাবিবুর রহমানের নেতৃত্বাধীন একটি দল এতে অংশ নেয়। বৈঠকে উপস্থিত বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মকর্তা বলেন, মূলত বিদ্যুৎ পরিস্থিতি নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব জানতে চেয়েছে আইএমএফ।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)