টঙ্গী ফ্লাইওভারের দুই লেন চালু
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থেকে ঢাকার উত্তরার হাউস বিল্ডিং পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের দুটি লেন খুলে দেওয়া হয়েছে।
রোববার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিআরটি প্রকল্পের এ দুটি লেন উন্মুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র আসাদুর রহমান কিরন, মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক গাসিক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।
ওবায়দুল কাদের বলেন, এ সড়কের এই দুটি লেন চালুর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী যানবাহনের চাপ অনেক কমবে। এতে ফ্লাইওভারের বাকি কাজও বেগবান হবে।
আগামী বছরের ২০২৩ সালের মে থেকে জুনের মাঝামাঝি সময় বাস র্যাপিট ট্রানজিট বা বিআরটি প্রকল্পে ২০ দশমিক ৫০ কিলোমিটার সড়কটি চলাচলের উপযোগী হবে। এখন পর্যন্ত এই প্রকল্পের ৭৮ দশমিক ৪৫ শতাংশ শেষ হয়েছে।
বিআরটি প্রকল্পের তথ্য মতে, বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পে ২০ দশমিক ৫০ কিলোমিটার সড়কের মধ্যে উত্তরা থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড বিআরটি লেন এবং বাকি ১৬ কিলোমিটার থাকবে সমতলে। এ প্রকল্পের জন্য নির্মাণ করা হচ্ছে ছয়টি ফ্লাইওভার।
এর মধ্যে টঙ্গী থেকে হাউস বিল্ডিং পর্যন্ত ফ্লাইওভারের দুটি লেন রোববার যানবাহন চলাচলের জন্য খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে দুই কিলোমিটারের বেশি সড়কে ঢাকামুখী যানবাহন অনেকটা নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে মনে করছে বিআরটি সংশ্লিষ্টরা।
বিনিয়োগবার্তা/এসএল//



