139

রাণীগঞ্জ সেতুতেই সুনামগঞ্জ-ঢাকার দূরত্ব কমল ৫৫ কিলোমিটার

সুনামগঞ্জ প্রতিনিধি: কুশিয়ারার নদীর ওপর সিলেট বিভাগের দীর্ঘতম ‘রাণীগঞ্জ সেতু’র উদ্বোধন হয়েছে সোমবার। এর মাধ্যমে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড়বেষ্টিত জেলা সুনামগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক দূরত্ব কমছে প্রায় ৫৫ কিলোমিটার।

সেতুটি নির্মিত হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারার নদীর ওপর। সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭০২ মিটার দীর্ঘ এ সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েক যুগ অপেক্ষা শেষে সেতুটির উদ্বোধনকে ঘিরে ভাটির জেলার মানুষ আনন্দিত।

জানা গেছে, সুনামগঞ্জের সঙ্গে ঢাকার সড়ক দূরত্ব ২৯৬ কিলোমিটার। সিলেট জেলা সদর হয়ে ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক ধরে মৌলভীবাজার জেলার কিছু অংশ ছুঁয়ে হবিগঞ্জ জেলা হয়ে যেতে হয়। এ সেতুটি নির্মাণের ফলে সুনামগঞ্জ থেকে ঢাকা যেতে আর সিলেট ঘুরতে হবে না। সুনামগঞ্জ সদর থেকে শান্তিগঞ্জ উপজেলা হয়ে জগন্নাথপুরে এই সেতুর ওপর দিয়ে হবিগঞ্জের আউশকান্দি হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে সরাসরি ঢাকা যাওয়া যাবে।

সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ২০১৭ সালে এ সেতুটির নির্মাণকাজ শুরু হলেও করোনা মহামারির কারণে বিলম্বিত হয়। প্রায় ১৫৫ কোটি টাকায় সেতুটি নির্মাণ করেছে এমএম বিল্ডার্স অ্যান্ড কোম্পানি। সেতুটিতে ১৫ স্প্যান ও ১২ পিলার আছে। এ সেতুর আগে সিলেট বিভাগের দীর্ঘতম সেতু ছিল সিলেট জেলার কোম্পানীগঞ্জের ধলাই নদীর ওপর ধলাই সেতু। সেতুটি ২০০৬ সালে উদ্বোধন হয়েছিল।

সুনামগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য নেয়া হয়েছিল সব ধরনের প্রস্তুতি।

সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান জানান, এ সেতু অবশ্যই সুনামগঞ্জের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ও আনন্দের সংবাদ।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)