শিগগিরই বিএসএমএমইউয়ে রোবটিক সার্জারি চালু
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে রোবটিক সার্জারি চালুর কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই এটি চালু করা হবে।
তিনি বলেন, ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টও যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন করা হবে। সবমিলিয়ে বিএসএমএমইউয়ে উন্নত সেবা নিশ্চিত করতে যা যা করণীয়, তার সবকিছুই করা হবে।
সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫ম জাতীয় ল্যারিংগোলজি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগীদের সুবিধার্থে ও বিশেষ বিশেষ সার্জারি এবং বিশেষ বিশেষ উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ হাসপাতালের দরজা উন্মুক্ত রাখা হবে। যাতে করে সেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, অবসরপ্রাপ্ত বিশেষজ্ঞ শিক্ষকদেরও কাজে লাগানো, যায় সেটা বিবেচনা করা হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ একটি স্বাধীন দেশ গঠনে বিরাট অবদান রেখেছে। জীবনের জন্য স্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বর ঠিক না থাকলে চাকরি, বিবাহসহ নানা বিষয়ে বাধার সম্মুখীন হতে হয়। অপরদিকে সুন্দর কণ্ঠ সহজেই মানুষকে মুগ্ধ করে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বরযন্ত্রের সব ধরনের সমস্যা ও রোগের উন্নত চিকিৎসাসেবা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল্যারিংগোলোজি অ্যান্ড ভয়েস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা. এসএম খোরশেদ আলম মজুমদার প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর//



