জাতীয় সংসদের লাইব্রেরী কমিটির বৈঠক অনুষ্ঠিত
সংসদ সদস্যদের লেখা ও প্রতিবেদন নিয়ে সংসদ গ্রন্থাগারে বুলেটিন প্রকাশের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: নতুন প্রজন্ম ও ছাত্র-ছাত্রীদের জানানোর জন্য সংসদ গ্রন্থাগার বুলেটিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সময়কালীন গঠিত মন্ত্রীসভা ও সংসদ- সদস্যগণের নামের তালিকা প্রকাশ এবং সংসদ-সদস্যগণের লেখা/প্রতিবেদন সংসদ গ্রন্থাগারে বুলেটিন প্রকাশ করার সুপারিশ করেছে সংসদের লাইব্রেরী সম্পর্কিত স্থায়ী কমিটি ।
বুধবার (৯ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের ‘লাইব্রেরী কমিটি’র ৪র্থ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার মোঃ শামছুল হক টুকু এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, ফখরুল ইমাম, মোকাব্বির খান এবং অপরাজিতা হক বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে গ্রন্থাগার ও গবেষণা অধিশাখার সার্বিক কার্যক্রম; ‘লাইব্রেরী কমিটি’র ১নং সাব-কমিটির কার্যক্রম এবং সংসদ লাইব্রেরীর পুস্তক ক্রয় সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জাতীয় সংসদের লাইব্রেরীতে কর্মরত গবেষণা কর্মকর্তাদের মেধা ও প্রতিভার যথাযথ প্রয়োগের মাধ্যমে গবেষণা কার্যক্রমের উৎকর্ষতা সাধন এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস
ও জীবন উৎসর্গকারীদের প্রকৃত অবদান সম্পর্কে সমৃদ্ধ গবেষণা পরিচালনার উপর গুরুত্বারোপ করা হয়। এ প্রসঙ্গে গবেষণা কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন এবং
অনুবিভাগ প্রধানকে এ বিষয়ে নিয়মিত তদারকির পরামর্শ রাখা হয়।
সংসদ গ্রন্থাগার কর্তৃক পুস্তক ক্রয়ের যে তালিকা চুড়ান্ত করা হয়েছে তা যাচাই- বাছাই করে পরবর্তী সভায় আলোচনার চূড়ান্তকরণের সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক সংক্রান্ত কাগজপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটির সদস্যগণের নিকট প্রেরণ এবং প্রতিমাসে ১(এক)টি করে বৈঠক আহ্বানের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে বিশ্বের অন্যান্য দেশের গ্রন্থাগারে কি কি বিষয়ের উপরে গবেষণা করা হচ্ছে, তার আলোকে আমাদের দেশের গ্রন্থাগারে কি কি গবেষণা করা যায় তা যাচাই বাছাই করে
যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নোসা মুজিবসহ সকল শহীদদের, জাতীয় চার নেতা, প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং কমিটির সদস্য শেখ এ্যানী রহমান এর রূহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপনসহ মোনাজাত করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর অতিরিক্ত সচিব স্বপন কুমার বড়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//



