28

নরসিংদীতে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার, আসামি বিএনপি নেতাকর্মী

নরসিংদী প্রতিনিধি: চলতি সপ্তাহের মঙ্গলবার নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমান হাসানকে তার নিজ বাড়ি থেকে ককটেল, হাতবোমা, গান পাউডার ও বোমা বানানোর সরঞ্জামসহ আটক করে পুলিশ।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় ইমান হাসানসহ বাকি যে ৭ জনকে আসামি করা হয়েছে, তারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের মধ্যে ইমান হাসানকে এরই মধ্যে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

মঙ্গলবার নরসিংদী সদর থানায় মামলাটি করেন এসআই মোহাম্মদ ইউসুফ আলী খান।

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার বিকাল ৩টায় ইমান হাসানের বাড়ি থেকে ৩টি বিস্ফারক দ্রব্যযুক্ত ককটেল, ৫৪টি ছোট-বড় মার্বেল, ৭৪টি পাথরের টুকরো, ৫টি খালি কৌটা এবং সাদা পলিথিনে মোড়ানো ৫৪০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে।

এজাহারে আরো উল্লেখ করা হয়, পরস্পরের যোগসাজশে অবৈধভাবে সাধারণ জনগণের ক্ষতিসাধন ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য রাখায় তাদের (আসামিদের) বিরুদ্ধে মামলা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, কেবল ইমান হাসান ছাড়া মামলার বাকি ৭ আসামিই বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। তারা হলেন- নরসিংদী জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য জাহেদুল করিম জাহিদ, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, হাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নরসিংদী শহর যুবদলের সদস্যসচিব শামীম সরকার (শামীম), সদর থানা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির (রাসেল), জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম (নজরুল) এবং আলোকবালী ইউনিয়ন শাখা বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী।

শহর যুবদলের সদস্যসচিব শামীম সরকার বলেন, আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ককটেল, বোমা ও গানপাউডার উদ্ধার করল পুলিশ। আর মামলা হলো আমাদের বিরুদ্ধে।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন মিয়া এ ব্যাপারে বলেন, ঘটনার সঙ্গে পুলিশ যাদের সংশ্লিষ্টতা পেয়েছে তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিনা অভিযোগে কারো বিরুদ্ধে মামলা করে না।

বিনিয়োগবার্তা/এসএইচআর/এসএল//


Comment As:

Comment (0)