পতাকা বিক্রি করে চলে ইব্রাহিমের সংসার
নিজস্ব প্রতিবেদক: মো. ইব্রাহিম মিয়া। বয়স ৫০ ছুঁই ছুঁই। পেশায় তিনি একজন পতাকা বিক্রেতা। বছরের বিশেষ দিনে লাল সবুজের পতাকা, রাজনৈতিক সভা সমাবেশ, নির্বাচন উপলক্ষে দলের মনোগ্রাম, নেতানেত্রীর ছবি, প্রতীক ফেরি করে বিক্রি করছেন।
তবে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তিনি এখন নানা দেশের পতাকা আর জার্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এ জায়গা থেকে অন্য জায়গায়। এমন দৃশ্য চোখে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজার এলাকায়।
তিনি এক হাতে নানা দেশের পতাকা আর অন্য হাতে জার্সি নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করছেন। ইব্রাহিম মিয়া দীর্ঘ প্রায় ২০ বছর ধরে পতাকা বিক্রি করছেন। আর এই পতাকা বিক্রিতেই চলছে তার জীবিকা। এদিকে আর কয়েক দিন পর কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর।
বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে সমর্থকদের আনন্দ-উত্তেজনা। খেলা উপলক্ষে অনেকেই তাদের প্রিয়দলের পতাকা আর জার্সি সংগ্রহ করছেন। তবে এ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে পতাকা আর জার্সি বিক্রি জমজমাট হয়ে উঠেছে।
সরেজমিন দেখা যায়, বেশ কয়েকজন বিক্রেতা লম্বা বাঁশের কাঠিতে লাগিয়ে লাল সবুজের পতাকাসহ আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স,পর্তুগালসহ নানা দেশের পতাকা নিয়ে অলিগলি ঘুরছেন। পাশাপাশি তাদের কাছে রয়েছে জার্সিও। এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি থাকায় এ দুই দেশের পতাকা বেশি বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা জানায়।
পৌর শহরের সড়ক বাজার এলাকায় কথা হয় পতাকা বিক্রেতা মো. ইব্রাহিমের সঙ্গে।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভাড়া করা বাসায় বেশ কয়েক দিন ধরে আছেন। সেখানে থেকে প্রতিদিন ওইসব পতাকা আর জার্সি নিয়ে তিনি আখাউড়ায় বিভিন্ন জায়গায় ঘুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করছেন। একই সঙ্গে দেশের পতাকাও বিক্রি করছেন। অন্য দেশের পতাকা কেনার সময় তিনি মানুষকে নিজ দেশের পতাকা কিনতে উৎসাহিত করছেন।
ইব্রাহিমের বাড়ি কিশোরগঞ্জে। পরিবারে স্ত্রী ছেলেসহ ৫ জন সদস্য রয়েছেন। পতাকা বিক্রি করেই চলছে তার সংসার।
ইব্রাহিম জানান, বছরের বেশিরভাগ সময় তিনি পতাকাসহ রাজনৈতিক সভা সমাবেশ, নির্বাচন উপলক্ষে দলের মনোগ্রাম, নেতানেত্রীর ছবি, প্রতীক ফেরি করে বিক্রি করছেন। বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে পতাকা আর জার্সি বিক্রিও তত বাড়ছে।
তার কাছে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ডের পতাকা রয়েছে। তবে সবচেয়ে বেশি হচ্ছে বিক্রি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। এক একটি পতাকা ৩০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি করছেন। জার্সি বিক্রি করছেন ১৫০টাকা থেকে ২৫০টাকায়। তার কাছে বেশি বিক্রি হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা। দৈনিক ৩ হাজার থেকে ৪ হাজার টাকার পতাকা বিক্রি হয় বলে জানায়।
ইব্রাহিম আরো জানান, তার বয়স যখন ২০ বছর তখন থেকেই তিনি রাজধানী ঢাকায় পতাকা বিক্রি করছেন। তাছাড়া যখন যেখানে বড় রাজনৈতিক দলের সভা সমাবেশ কিংবা নির্বাচন হচ্ছে তখনই তিনি সেখানে উপস্থিত হয়ে পতাকাসহ রাজনৈতিক মনোগ্রাম, নেতানেত্রীর ছবি, প্রতীক বিক্রি করতেন।
পতাকা বিক্রেতা মফিজ মিয়া বলেন, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বিভিন্ন বয়সী মানুষ আসছেন পতাকা ও জার্সি কিনতে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবকরা বেশি কিনছেন। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল এবং জার্মানির জার্সি ও পতাকা।
পতাকা কিনতে আসা ইমাম হোসেন নামের এক যুবক জানান, বিশ্বকাপ ফুটবলের সময় তার প্রিয় দল আর্জেন্টিনার। তাই বিক্রেতার কাছ থেকে তার দলের একটি পতাকা ৩শ টাকায় ক্রয় করেন। সেই সঙ্গে বাংলাদেশেরও একটি পতাকা ক্রয় করেন। এই দুটি পতাকা তার বাড়ির সামনে টাঙিয়ে দেবে। উপরে থাকবে দেশের পতাকা, তার নিচে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা।
আর্জেন্টিনার সমর্থক মো. সুহেল বলেন, যেসময় থেকে খেলা বুঝি তখন থেকে আমি আর্জেন্টিনা দলকে সমর্থন করছি। তাই খেলা দেখার আগেই একটি জার্সি ও একটা পতাকা কেনা হয়। পতাকাটা বাড়ির ছাদের উপর লাগানো হয়েছে। সেই সঙ্গে দেশের পতাকাও লাগানো হয়।
বিনিয়োগবার্তা/এসএল//



