BPS_6180

জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সুপারিশ 

নিজস্ব প্রতিবেদক: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত “জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ” শীর্ষক প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই মেয়াদ বৃদ্ধির ব্যবস্থা গ্রহণের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয় কমিটি’র ৩৬তম বৈঠকে।

একাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৬তম এই বৈঠক রোববার কমিটির সভাপতি মেহের আফরোজ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ আব্দুল আজিজ, শবনম জাহান, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে শিশু একাডেমির বর্তমান কার্যক্রম ও “জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ” শীর্ষক প্রকল্পটির বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বিগত বৈঠকের সুপারিশমালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত বিষয়সমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বা তাঁর প্রতিনিধিদের সাথে সমন্বয় করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তসমূহ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কীনা তা ফলোআপের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে প্রতিটি উপজেলার শিশুদের সৃজনশীলতা বিকাশ ও শিশু অধিকার সুরক্ষায় শিশুদের জন্য বাজেট বৃদ্ধি করে নতুন নতুন যুগোপযোগী ও বাস্তবমুখী কর্মসূচী গ্রহণ করে তা সারা দেশের জনগণের মধ্যে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।  

এছাড়া, বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় রিপোর্ট পরবর্তী জাতীয় সংসদ অধিবেশনে উপস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিটি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়।  

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন  অধিদপ্তর ও সংস্থা প্রধানগণসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)